সরকারের সংস্কার কাজে ইসলামী আন্দোলন সন্তুষ্ট: ফয়জুল করিম

চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন সদর উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

0
66
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এখন পর্যন্ত দেশে যে সংস্কার কাজ করেছেন তাতে শতভাগ না হলেও অনেকটাই সন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ভাঙা এক দেশ, স্বল্প সময়ে কতই বা সংস্কার করা যায়। তবুও ড. মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টাগণ যেভাবে দেশ গঠনের চেষ্টা করছে তাতে আমরা অনেকটাই সন্তুষ্ট।

নির্বাচনের আগে সংস্কারের কথা তুলে তিনি বলেন, নির্বাচনে আগে সংস্কারের জন্য সরকারকে জনগণ সময় দিতে চায় কী না তার জন্য একটি গণভোট দিলেই পরিষ্কার হয়ে যাবে। পরে সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, এক দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে না, সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন। সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে ডাকাতি-জুলুম ও দখলধারীর নির্বাচন। আমরা চাই সংস্কার এবং তারপর নির্বাচন।

পহেলা বৈশাখ প্রসঙ্গে তিনি বলেন, পহেলা বৈশাখে ঢোল-তবলা ও পেঁচার ছবি দিয়ে যে মিছিল হয়, তা বাংলাদেশের সংস্কৃতি নয়। এটা পাশের দেশের স্ক্রিপ্টেড সংস্কৃতি। যেটা বাংলাদেশের জনগণ মানতে পারে না। এই অপসংস্কৃতি চাই না।

বক্তব্য শেষে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটির নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান।

সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here