শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ছাব্বিশপারা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
জানা গেছে, সংঘর্ষে এক তরুণের হাতের কবজিতে ক্ষত সৃষ্টি হয়েছে এবং আরেকজন আহত হয়েছেন।
জাজিরা থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাব্বিশপারা এলাকার একটি পক্ষের নেতৃত্বে আছেন ঢাকার তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন ঢালী এবং আরেক পক্ষে আছেন জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য হালিম তালুকদার। সরকার পতনের আত্মগোপনে চলে যান ওই দুই নেতা। এখন পক্ষ দুটির নেতৃত্ব দিচ্ছেন জসিম তালুকদার ও নুর আলম সরদার।
শনিবার রাতে জসিম তালুকদারের পক্ষের লোকজন সজল চোকদারকে মারধর করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় নুর আলম সরদারের লোকজন অপর পক্ষের ওপর ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল জসিম তালুকদারের পক্ষের সাব্বির খালাসির (১৯) হাতের ওপর বিস্ফোরিত হয়। এতে তার হাতের কবজিতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এরপর দুই পক্ষের সমর্থকরা ঘণ্টাব্যাপী সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা গেছে, একটি পক্ষের সমর্থকরা বালতিতে ককটেল নিয়ে প্রতিপক্ষের ওপর নিক্ষেপ করছেন। এছাড়াও টেঁটা, রামদা, ছেনদা, বল্লম, ঢাল-সড়কি ও বালতিকে করে ককটেল নিয়ে ধাওয়া করছে আরেক পক্ষ।
সংঘর্ষের পর দুই এলাকার পুরুষ সদস্যরা আত্মগোপনে চলে যান। তাই কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।”

