ডোপ টেস্টে পজিটিভ হয়ে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন হ্যাম্পশায়ারের ইংলিশ পেসার কিথ বার্কার।
গত মৌসুমের রুটিন ডোপ টেস্টে ধরা পড়েন ৩৮ বছর বয়সী বার্কার। গত ৫ মার্চ এক শুনানিতে ইসিবির ডোপিং-বিরোধী দুটি নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করেন বার্কার।
তার শাস্তির মেয়াদ শুরু গত বছরের জুলাই থেকে। তখন তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। আগামী ৪ জুলাই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে গত মৌসুমে হ্যাম্পশায়ারের হয়ে চার ম্যাচ খেলে ২৪.৩৭ গড়ে ১৬ উইকেট নেন বার্কার। ১৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে তার শিকার ৫৩৩ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮৬ ও টি-টোয়েন্টিতে ৬৯ উইকেট আছে তার।
ব্যাট হাতেও দারুণ সফল বার্কার। ২২৬ প্রথম শ্রেণির ইনিংসে ব্যাটিং করে ৬ সেঞ্চুরিতে ৫ হাজার ৪৫০ রান করেছেন তিনি। লিস্ট ‘এ’ তে ৪৭ ইনিংসে ৬৩৯, টি-টোয়েন্টিতে ৩৫ ইনিংসে ৩৮২ রান করেছেন।

