জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল। আজ শনিবার সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজসহ অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন। এতে এনসিপির প্রতিনিধিদলের মধ্যে আরও রয়েছেন- সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ আরও দুজন।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
উল্লেখ্য, গত ২৩ মার্চ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। কমিশনের দেওয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ২২টির সঙ্গে দ্বিমত পোষণ করেছে দলটি।
যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলেও জানিয়ে দিয়েছে এনসিপি।
২৮ ফেব্রুয়ারি এনসিপি নামে তরুণদের দলটি যাত্রা শুরু করে। এরপর থেকেই রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা।

