শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অফিস থেকে ৮ লাখ টাকা মূল্যের ২৪টি ব্যাটারি চুরির ঘটনায় ১২টি ব্যাটারি উদ্ধার ও জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে, শুক্রবার রাতে পৌরশহরের দক্ষিণ বাজার ও নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার আব্দুর রউফের ছেলে আমির হামজা (৩০) ও নকলা শহরের মমেনাকান্দা এলাকার নূর ইসলামের ছেলে সাবেক কাউন্সিলর ইয়াদ আলী (৪২)।
পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বুধবার রাতের কোন একসময় বিটিসিএল অফিস থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়। এদিন রাতে অফিসে কোনো নিরাপত্তা কর্মী বা কর্মচারী ছিল না। পরদিন সকালে অফিস কর্মচারীরা ব্যাটারী চুরি হয়েছে বলে দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকা সন্দেহে আমির হামজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে বিটিসিএল অফিসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করে সে। পরে আমির হামজার দেওয়া তথ্যমতে নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী ইয়াদ আলীর দোকান থেকে বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২টি ব্যাটারি উদ্ধার ও ইয়াদ আলীকে আটক করে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে এবং জড়িত দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি ব্যাটারীগুলো উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

