গাজীপুরের শ্রীপুরে নিট হরাইজন নামক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিক ছাটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে
আজ বুধবার সকাল সোয়া ১০টা থেকে ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সোয়া ১১টার দিকে সেনাবাহিনী এসে শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ ৩০ জন শ্রমিকে ছাটাই করেছে। আরও শ্রমিকের তালিকা করছে। মঙ্গলবার তারা কাজ করেছেন। আর আজ বুধবার সকালে কাজে গিয়ে দেখেন অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। কারখানা কর্তৃপক্ষ বিনা কারণে শ্রমিক ছাঁটাই করেছে। বিধি মোতাবেক শ্রমিকদের পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করেছে। আমরা শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছি। চাকরিহারা হয়ে আমরা বিপাকে পড়েছি। এখন আমরা কিভাবে আমাদের দেনা পরিশোধ করব।
শ্রমিকরা আরও জানান, সকাল ৯টা থেকে আমরা কারখানার সামনে আন্দোলন করি। সকাল সোয়া ১০টায় সড়ক অবরোধ করি।
এ বিষয়ে যোগাযোগ করে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকদের সড়ক থেকে সড়ানো হয়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

