গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৩২ ফিলিস্তিনি

0
106
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ২৬০ ছাড়িয়ে গেছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ১৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত প্রায় ১,৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৪,৯৫০ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ২৬৬-তে। শুধু তাই নয়, জাতিসংঘ জানায়, ইসরায়েলের দফায় দফায় চালানো হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, এবং ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি বাহিনী শুধু জনবসতিতেই নয়, হাসপাতালে পর্যন্ত হামলা চালিয়েছে। গাজা শহরের শিশুদের জন্য বরাদ্দ আল-ডোরা পেডিয়াট্রিক হাসপাতালে ইসরায়েলি বোমা বর্ষণে পরিস্থিতি হয়ে ওঠে আরও শোচনীয়। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতেও পারছেন না। গাজার হাসপাতালগুলোয় চিকিৎসা সামগ্রীর অভাব প্রকট আকার নিয়েছে। এসব ঘটনায় মানবাধিকারের চরম লঙ্ঘন স্পষ্ট হলেও বিশ্বশক্তিগুলো এখনো কার্যকর হস্তক্ষেপ করতে পারছে না।

অবরুদ্ধ এই ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের পর ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, কিন্তু সেনা প্রত্যাহার নিয়ে হামাস ও ইসরায়েলের মতানৈক্য নতুন করে সংঘাত ডেকে এনেছে। এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, ইসরায়েল এখন আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি। এই হামলার অবসান এবং গাজার মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা এখন বিশ্ব বিবেকের বড় পরীক্ষা।

তথ্যসূত্র : আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here