ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে বর্তমানে রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ এই সময়ে বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় তাপমাত্রা কমতে পারে।

