স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ ফ্রান্স ও কানাডার দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তরুণ চলচ্চিত্র নির্মাতা জায়েদ সিদ্দিকী এটি নির্মাণ করেছেন।
এ বছর বাছাই করা ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে ‘দাঁড়কাক’ প্রতিযোগিতা করবে জুরি পুরস্কার এবং দর্শক পুরস্কারের জন্য।
কানাডার মন্ট্রিয়লে ২৪ এপ্রিল থেকে ৪ মে (সিনেমা হলে) এবং ১-১০ মে (অনলাইনে) অনুষ্ঠিত হবে মনট্রিয়েল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসর। এখানে ‘দাঁড়কাক’সহ আরও ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এবং ২৬ টি চলচ্চিত্র প্রতিযোগিতা করছে সেরা পূর্ণদৈর্ঘ্য ছবির জন্য।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে ‘দাঁড়কাক’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক জায়েদ সিদ্দিকী নিজে। দাঁড়কাক পরিবারের অন্যান্য সদস্যদের উপর নির্ভরশীল একজন বয়স্ক মানুষের অস্তিত্ব সংকটের গল্প। এ চরিত্রে অভিনয় করেছেন, প্রখ্যাত অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এবিএম সাইদুল হক।
পরিচালক নিজেই চলচ্চিত্রটির প্রযোজক; নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সাইয়েদ শাহজাদা আল-করিম, ইসরাত জাহান, সাকিব ইফতেখার এবং হাসিব শাকিল।

