মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়নের মান্দ্রা গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত মান্দ্রা প্রিমিয়ার লীগ সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে প্রতিপক্ষ দল মাঠে না আসায় বিপক্ষ দল কে জয়ী ঘোষণা করেছে আয়োজকরা।
শুক্রবার (২৫এপ্রিল) বিকেল ৪ টায় মান্দ্রা ঈদগাহ মাঠ সংলগ্ন খেলার মাঠে স্বাগতিক মান্দ্রা বনাম কুরমিরার মধ্যকার খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পূর্বেই কুরমিরা একাদশ মাঠে উপস্থিত হয়।
অপরদিকে স্বাগতিক মান্দ্রা একাদশ নির্ধারিত সময়ের এক ঘন্টা অতিবাহিত হলেও মাঠে না আসায় আয়োজকরা কুরমিরা একাদশ কে বিজয়ী ঘোষণা করেন। পরে বিজয়ীদের মাঝে ট্রফি এবং খাসি তুলে দেন অতিথিরা। এসময় খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাচগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএস ডেভেলপমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর দেলোয়ার হোসেন চোকদার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খান গ্লোবাল এর ম্যানেজিং ডিরেক্টর মো: ফারুক খান।

