পহেলগাম হামলা সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন শাহবাজ শরীফ

0
73
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার টেলিফোনে যোগাযোগ করেছেন। পরে শেহবাজ শরীফের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, পহেলগাম হামলার পর দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে মার্কো রুবিওকে অবহিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কো রুবিও বিস্তারিত আলোচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসাথে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য উভয় পক্ষের একসাথে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বিবৃতি অনুযায়ী, পহেলগামের ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতীয় প্রচেষ্টাকে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সত্য উন্মোচনের জন্য স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

শেহবাজ শরীফ আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ভারতকে এই ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে এবং দায়িত্বশীল আচরণ করতে চাপ দেয়।

প্রধানমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানি নিয়ে আগ্রাসী অবস্থান নিয়েছে, অথচ এই পানির ওপর নির্ভর করে আছে পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবনযাপন।

বিবৃতিতে অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে সিন্ধু পানি বণ্টন চুক্তিতে কোনো পক্ষের একতরফাভাবে পানি প্রত্যাহারের কোনো বিধান নেই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে জম্মু ও কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ সমাধানই দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি নিশ্চিত করার একমাত্র উপায়।

“সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং বলেন যে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান ৯০ হাজারেরও বেশি প্রাণ উৎসর্গ করেছে এবং পাকিস্তানকে ১৫২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি বহন করতে হয়েছে,” বিবৃতিতে বলা হয়।

“ভারতের ক্রমবর্ধমান উসকানিমূলক আচরণ অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক” উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উসকানি বিশেষ করে আফগান মাটি থেকে পরিচালিত আইএসকেপি, টিটিপি এবং বিএলএ-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলিকে পরাজিত করার জন্য পাকিস্তানের চলমান প্রচেষ্টা থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here