অবনমন নিশ্চিত হয়ে যাওয়া রিয়াল ভায়াদলিদের বিপক্ষে শুরুতেই পিছিয়ে যায় বার্সেলোনা। তবে অনেক পরিবর্তন এনে খেলতে নামা হ্যান্সি ফ্লিকের শিষ্যরা দ্বিতীয়ার্ধে ঠিকই ছন্দে ফিরল। ঘুরে দাঁড়িয়ে পেল ২-১ গোলের দারুণ জয়।
শনিবার রাতে লা লিগায় ইভান সানচেসের গোলে এগিয়ে যায় ভায়াদলিদ। তবে দ্বিতীয়ার্ধে রাফিনিয়া সমতা ফেরানোর পর দলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন ফের্মিন লোপেস।
এদিন কোচ ফ্লিক ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচ থেকে ৯ পরিবর্তন আনেন। কেবল পেদ্রি ও জেরার্দ মার্তিন টিকে যান। এতো পরিবর্তনের খুব বেশি প্রভাব পড়েনি বার্সেলোনার খেলায়।
এদিন খেলার ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। সেখানে থাকল ভাগ্যের প্রবল ছোঁয়া। সানচেসের আপাত সাদামাটা শট রোনাল্দ আরাউহোর পায়ে লেগে অদ্ভূত বাউন্সে হয়ে উঠল ভয়ঙ্কর। কিছুই করার ছিল না চোট কাটিয়ে ২২২ দিন পর মাঠে ফেরা বার্সেলোনা অধিনায়ক ও গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের।
বিরতির পর সমতায় ফেরে বার্সা। ৫৪তম মিনিটে ইয়ামালের ক্রসে একটুর জন্য হেড করতে পারেননি আরাউহো। এগিয়ে এসে ফিস্ট করে ক্লিয়ার করার চেষ্টা করেন ফেরেইরা। বল পেয়ে যান রাফিনিয়া। বুক দিয়ে বল নামিয়ে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচে ফেরে সমতা।
এরপর ছয় মিনিট পর চমৎকার গোলে বার্সেলোনাকে এগিয়ে নেন লোপেস। মার্তিনের ক্রসে ডি বক্সের ঠিক ভেতর থেকে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন এই তরুণ। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ভায়াদলিদ গোলরক্ষক।
লিগে ৩৪ ম্যাচে ২৫ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

