গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে (৭ মে) উপজেলার বরাব মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী আজাদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত আজাদ হোসেনের বাড়িতে হানা দেয়। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ঘরের ভেতরে তছনছ করে। এসময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে লুটকৃত মালামালের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বিষয়টি তদন্তাধীন। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

