ভারতের বিমান হামলায় নিহত ব্যক্তিদের ‘প্রতিটি রক্তের ফোঁটার’ প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ ছাড়া তিনি বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করার কারণে শত্রুকে কাপুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন।
বুধবার (৭ মে) স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই অঙ্গীকার করেন তিনি।
শাহবাজ শরিফ বলেছেন, গত রাতে পাকিস্তানে হামলা চালিয়ে ভারত একটি ভুল করেছে। তাদের অবশ্যই এর মূল্য দিতে হবে।
পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ সন্ত্রাসী আস্তানায় ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৭০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২৬ জন নিহত হয়েছেন এবং তারা সবাই বেসামরিক নাগরিক।
এ ছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এগুলোর মধ্যে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানও ছিল। অবশ্য এ ব্যাপারে ভারত এখনও কোনও তথ্য প্রকাশ করেনি বা বিবৃতি দেয়নি।

