ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহত সবাই পর্যটক। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। বৃহস্পতিবার দেশটির উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, উত্তরকাশীর কাছে বৃহস্পতিবার সকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান এবং দুজন আহত হয়েছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিকমাধ্যমে দুর্ঘটনার খবর শেয়ার করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।
মুখ্যমন্ত্রী ধামি জানান, তিনি প্রশাসনকে আহতদের সর্বাত্মক সহায়তা দিতে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, আমি এই বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জানা যায়, হেলিকপ্টারটি দেহরাদুন থেকে যাত্রীদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করেছিল। সেখান থেকে পর্যটকরা প্রায় ৩০ কিলোমিটার সড়কপথে গঙ্গনানির দিকে যেতেন।
এদিকে দুর্ঘটনার পর রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসনের দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে।
উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।

