আইপিএলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, জরুরি সভায় ভারতীয় বোর্ড

0
76
ছবি: সংগৃহীত

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান এমন এক সময়ে যুদ্ধে জড়াল, যখন দুই দেশেই তাদের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলছে। সংঘাতের জেরে এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এবার আইপিএলের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

গতকাল বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে চলছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। তবে খেলা চলাকালেই আচমকা বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়ামের ফ্লাডলাইট। দর্শকদের চলে যেতে বলা হয় মাঠ থেকে। সেই খেলা আর মাঠে গড়ায়নি। পরে জানা যায়, পাকিস্তানি হামলার শঙ্কায় এমনটা করতে বাধ্য হয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

আইপিএলে বাকি ম্যাচগুলো হবে কি না সেটি নিয়েই এখন দেখা দিয়েছে শঙ্কা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগটির ভবিষ্যৎ নির্ধারণ করতে জরুরি বৈঠকে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল বলেন, ‘উনা থেকে আমরা বিশেষ ট্রেনের ব্যবস্থা করছি। ধর্মশালা থেকে সকলকে সুরক্ষিতভাবে বের করে আনার জন্যই এই সিদ্ধান্ত। ধর্মশালার ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। স্টেডিয়াম খালি করে দেওয়া হয়েছে। আগামী দিনের পরিস্থিতি বুঝে প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গতকাল ধর্মশালায় ম্যাচ চলাকালে ভারতশাসিত জম্মুতে আক্রমণ করা হয়। বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে সেখানে। আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বেজেছে। পরে সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয় এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here