
ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি উর্দু বিভাগের রিয়াজ মাসরুর জানিয়েছেন, শ্রীনগর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পেয়েছেন তিনি।
ভোর পৌনে ছয়টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে।
সেখানে বিশ মিনিটের মধ্যে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তা বা সামরিক বাহিনী- কারও পক্ষ থেকেই এখনো এ বিষয়ে কোন মন্তব্য আসেনি। যদিও একজন সরকারি কর্মকর্তা বলেছেন দু দিন ধরেই বিমানবন্দরের তিন কিলোমিটার এলাকার মধ্য থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ চলছিলো।
এর আগে গত ৭ মে থেকে শ্রীনগর ও জম্মু বিমানবন্দরের নিয়ন্ত্রণ ভারতীয় বিমান বাহিনী গ্রহণ করেছে এবং দুই বিমানবন্দরেই সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ আছে।
এদিকে ভারতের ‘অপারেশন সিঁদুর’ এর বদলা হিসাবে পাকিস্তান ‘অপারেশন বানিয়ান মারসুস’ শুরু করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
এর আগে ভারত আর পাকিস্তান দুটি দেশই দাবি করে যে শুক্রবার দিবাগত রাতে তাদের ওপরে অপর দেশ থেকে হামলা হয়েছে। উত্তর এবং পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানের করাচির ফায়সাল হাইওয়েতে একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানাচ্ছেন বিবিসির সংবাদদাতারা। গুলিস্তাঁ-এ-জওহার এলাকার এক বাসিন্দা জুবেইর আশরাফ বিবিসিকে জানিয়েছেন যে ভোরবেলা বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। আকাশে আলোর ঝলকানিও দেখতে পেয়েছেন বলে জানিয়েছে বিবিসির সংবাদদাতা।
বিস্ফোরণের পরেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই তাদের বাড়ির আলো নিভিয়ে দেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে শুক্র ও শনিবারের মাঝ রাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাতের ভুজ পর্যন্ত ২৬টি জায়গায় ড্রোন দেখা গিয়েছে।