সংঘাতের মাঝেই ভয়ংকর ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

0
123
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, তখনই এক অপ্রত্যাশিত প্রাকৃতিক ধাক্কায় কেঁপে উঠল পাকিস্তান। এমন সময় এই ভূমিকম্প ঘটেছে, যখন দেশটি সীমান্ত পরিস্থিতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ভীষণ চাপের মুখে। সাধারণ মানুষের মনে এমনিতেই উদ্বেগ আর উৎকণ্ঠা কাজ করছিল, তার মধ্যেই হঠাৎ এই ভূমিকম্প যেন আতঙ্কের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে।

শনিবার (১০ মে) সকালে স্থানীয় সময় ১০টা ৮ মিনিটে পাকিস্তানে অনুভূত হয় ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প। দেশটির আবহাওয়া অধিদপ্তর পিএমডি জানায়, এর কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩০ কিলোমিটার গভীরে। মূল কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

পাশাপাশি আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি ও উত্তর ওয়াজিরিস্তানসহ বিভিন্ন এলাকাতেও কম্পনের প্রভাব ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, এই কম্পন মানুষের মধ্যে প্রবল উদ্বেগ ছড়িয়েছে। পাকিস্তান যেহেতু ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত, তাই এখানে প্রায়ই ভূমিকম্প হয় — এমনকি সামান্য প্লেট সরে গেলেও।

উল্লেখ্য, ২০১৫ সালে একই হিন্দুকুশ অঞ্চলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪০০ মানুষ। সেই স্মৃতি এখনও অনেকের মনে তাজা। এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অস্থিরতা যখন একত্রে হাজির হয়, তখন জনমানসে অস্থিরতা ও আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। তথ্যসূত্র : জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here