লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

0
79
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি মাদ্রাসা থেকে ৭ বছরের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষব মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শিশু, উপজেলার কুচিয়ামারা গ্রামের মুদি দোকানি হুমায়ুন মাতব্বরের ছেলে সানিম হোসাইন (৭)। সে স্থানীয় আল-মুঈন ইসলামী একাডেমির হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

এর আগে, মাদ্রাসার শিক্ষকরা প্রচার করেন, দুপুরে টয়লেটে ঢুকে ‘আত্মহত্যা’ করেছে সানিম। কিন্তু শিশুটির পরিবার দাবি করেছে, সানিমকে মারধর করে হত্যা করা হয়েছে। ছেলে হারানোর শোকে মাদ্রাসার মেঝেতে বারাবার কান্নায় ভেঙে পড়েন তার বাবা-মা।

সানিমের ফুফাতো ভাই বকশি মোহাম্মদ শাহিদ হোসাইন বলেন, ‘সানিম ২০ পারা কোরআন মুখস্থ করেছিল। কয়েক দিন আগে মাদ্রাসা থেকে বলা হয়, সে নাকি হুজুরের কথা শোনে না। এরপর থেকে শিক্ষক মাহমুদুর রহমান তার ওপর রাগান্বিত ছিলেন। মৃত্যুর খবর পেয়ে আমরা মাদ্রাসায় গিয়ে দেখি, তার লাশ টয়লেটে নেই, বরং নিচতলার একটি কক্ষে বিছানায় রাখা। তাকে হত্যা করা হয়েছে।’

মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সানিম গামছা হাতে টয়লেটে ঢুকছে, কিন্তু আর বের হচ্ছে না। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ পুরো বিষয়টি দেখাতে পারেননি।

সানিমের কয়েকজন সহপাঠী জানিয়েছে, ঘটনার দিন সকালে শিক্ষক মাহমুদুর রহমান তাকে মারধর করেছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ তারা বলতে পারেনি।

আল-মুঈন ইসলামী একাডেমির অধ্যক্ষ মাওলানা বশির আহমেদ বলেন, ‘ক্লাস শেষে নামাজ-খাবারের জন্য বিরতি দেওয়া হয়। সবাই খেতে গেলেও সানিম যায়নি। পরে দেখা যায়, সে টয়লেটে গিয়েছে, সেখান থেকেই তার মরদেহ উদ্ধার হয়।’

এ বিষয়ে লক্ষীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোনাফ বলেন, ‘আটক শিক্ষককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, ‘মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘটনা আত্মহত্যা নাকি হত্যা, তা স্পষ্ট নয়। গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত চলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here