শেরপুরে পৃথক অভিযানে ভারতীয় জিরা ও ইয়াবাসহ তিনজন আটক

0
86
ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক দুটি অভিযানে ভারতীয় চোরাই জিরা ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ২৪০ কেজি জিরা ও ২৭ পিস ইয়াবা।

বুধবার (১৪ মে) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে উপজেলার বরুয়াজানী এলাকার কাকরকান্দি-বাঘাইতলা সড়কের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় ৮ বস্তায় মোট ২৪০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃত- সোহেল রানা (২২), হালুয়াঘাটের গিলাবই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

অন্যদিকে, গেল রাতে নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ এলাকায় শহীদ মিনারের পেছনে ভোগাই নদীর পাড়ে অভিযান চালায় পুলিশ। এসময় আল মুক্তাদির মুবিন (২৪) ও আল রিসান (২৩) নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা জব্দ করে।

আটককৃত- মুবিন পৌর শহরের উত্তর বাজারের শাহাদত হোসেনের ছেলে ও আল রিসান পশ্চিম রানীগাও এলাকার আনোয়ারুল মঞ্জিলের ছেলে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, উভয় ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here