কলেজের হোস্টেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

0
71
প্রতীকী ছবি

কক্সবাজার শহরের উত্তর ডিককুল এলাকায় বেসরকারি হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের হোস্টেল ভবন থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম হারুনুর রশিদ ওরফে মনির চৌধুরী (১৮)। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাইন্যাশিয়া গ্রামের বাসিন্দা এবং ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবারের দাবি, মনির পরিকল্পিত হত্যার শিকার। সে যদি আত্মহত্যা করতো, তাহলে তার আশপাশে থাকা বেঞ্চ এলোমেলো হয়ে পড়ে থাকত। আশপাশের বেঞ্চ তো দূরে, যে রডের সঙ্গে তিনি ঝুলে ছিলেন, সে রডে লেগে থাকা মাকড়সার জাল পর্যন্ত অক্ষত ছিল।

নিহতের চাচাতো ভাই ও উখিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব সুলতান আহমদ চৌধুরী বলেন, “মনিরকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হতে পারে। মনিরের লাশ হোস্টেলে ঝুলে আছে, এমন খবরে ভিত্তিতে আমি ঘটনাস্থলে পৌঁছাই। এরপর আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।”

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, “হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের হোস্টেলের একটি পরিত্যক্ত ভবন থেকে মনিরের মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পরিবারের দাবি, মনিরকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বলতে পারবো, এটি হত্যা না আত্মহত্যা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here