আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ

0
351
ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।

ভুক্তভোগী আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানান। বিরোধপূর্ণ জমিটি টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল মাছ ঘাট সংলগ্ন রাস্তার পশ্চিম পার্শ্বে।

মামলা সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কুকরাদিয়া মৌজার আর এস ৪৪২ নং দাগে ৮৫শতাংশের মধ্যে ৪০.৪০ শতাংশ জমির পৈত্রিক ও ক্রয় সূত্রে মালিক নুরুল ইসলাম শেখ ওরফে নুরুল হক। ১৯৪৭ সালের পর থেকে জমিটি নুরুল ইসলাম শেখ নামজারি ও জমাভাগ করে দোকান ভাড়া দিয়ে ভোগ-দখল করে আসছে। পরবর্তীতে ওই জমির মালিকানা দাবি করেন টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিল শেখ এর ভাইগ্না রোমান মাদবর। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।

রোমান মাদবর জমিটি দখলে নিতে চেষ্টা করলে নুরুল ইসলাম শেখ আদালতের নিষেধাজ্ঞা চায়। আদালত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু রোমান মাদবর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে ঘর নির্মাণের কাজ করছেন।

নুরুল ইসলাম শেখ বলেন, দীর্ঘদিন জমিটি আমরা ভোগদখল করে আসছি। জমিটিতে বর্তমানে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ সেখানে ঘর নির্মাণ করছেন।

তবে রোমান মাদবরের মামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিল বলেন, আমি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের নির্মাণ কাজ করছি না। আমার জমিতে আমি ঘর নির্মাণ করছি। আমি রোমান মাদবরের মামা, ভাগ্নের নামে আমি জমি ক্রয় করেছি।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘর নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here