গাজীপুরে তৃতীয়দিনেও অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ্য

0
69
ছবি: সংগৃহীত

গাজীপুরে তৃতীয়দিন সোমবারও ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক পেটের ব্যথা, মাথা ঘোরানো ও বমি বমি উপসর্গ নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। এর আগে গত শনিবার ও রবিবার এ সব উপসর্গ নিয়ে দেড়শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

শ্রমিক ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের নাওজোর এলাকার ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক-কর্মচারি কাজ করেন।

গত শনিবার কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও ওই হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। উদ্ভুত পরিস্থিতিতে কর্তৃপক্ষ ওই দিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে। পর দিন রবিবারও শ্রমিকরা কারখানায় গিয়ে অসুস্থ অনুভব করলে তাদের হাসপাতালে ভর্তি ও চিকিৎসা এবং কারখানা ছুটি দেয়া হয়।

সোমবার সকালে কারখানায় গিয়ে শ্রমিকরা কাজে যোগ দেন। কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা পেটের ব্যথা, মাথা ঘোরানো ও বমি বমি অনুভব করে পর্যায়ক্রমে অসুস্থ্য হতে থাকেন। পরে সহকর্মী ও কর্তৃপক্ষের লেকাজন তাদের কারখানার পাশ্ববর্তী গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক মো. আব্দুল হামিদ জানান, সোমবার অসুস্থ্য ৫৬/৬০জনকে এ হাসপাতালে ভর্তি করা হয়। তারা পেটের ব্যথা, মাথা ঘোরানো ও বমি বমি অনুভব করছিলেন। এর আগে একই উপসর্গ নিয়ে গত শনিবার ও রবিবার আরো ১৩০ জনের মতো অসুস্থ্য শ্রমিককে এ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বেশিরভাগই নারী। গত দুইদিনে ভর্তি হওয়া অসুস্থ্যদের মধ্যে অধিকাংশই চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, গত তিনদিন ধরে পেটের ব্যথা, মাথা ঘোরানো ও বমি বমি অনুভব করে অসুস্থ্য ওই কারখানার বেশ কিছু শ্রমিক হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ কারণে গত দুইদিন কারখানার উৎপাদন বন্ধ রাখে কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, কারখানার পানি পরীক্ষার জন্য স্যাম্পল ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

তিনি আরো জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। কারখানা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলো যৌথভাবে বিষয়টি যাচাই করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here