প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়ল। তবে বড় পুঁজি নিয়েও বাজে বোলিং-ফিল্ডিংয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ উইকেটে হারল সফরকারীরা। যেখানে ১৭৯ রানের বেশি তাড়া করে আগে কখনোই জিততে পারেনি দেশটি। আর টি-টোয়েন্টিতে এই প্রথম দুইশর বেশি রান করেও পরাজিত দলে রইল বাংলাদেশ।
এমন হারের পর বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস মাঠের শিশিরকে দোষারোপ করলেন। লিটন বলেন, ‘যে কোনো পরাজয়ই বেদনাদায়ক। তবু আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তার পরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’
টি-টোয়েন্টিতে আরব আমিরাতের মাঠে প্রায় ১৬ বছরে ২৬৫ ম্যাচে এবারই প্রথম কোনো দল দুইশর বেশি রান তাড়া করে জয়ের স্বাদ পেল। এছাড়া আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে যে কোনো সহযোগী দেশের এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। এর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তখনও টেস্ট স্ট্যাটাস না পাওয়া আফগানিস্তান।
লিটন আরও বলেন, ‘বুঝতে হবে যে, এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বোলিংয়ের সময় হিসেবি হতে হবে। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।’

