শেরপুরে বন্যহাতির আক্রমণে দুইজন নিহত

0
95
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা ও ৫নং গজনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজিজুর রহমান আকাশ (৩৮)। তিনি ওই ইউনিয়নের গান্ধিগাঁও এলাকার আব্দুল হাকিমের ছেলে এবং পেশায় ভ্যানচালক। অপরজন, এফিলিস হাগিদক (৫২)। তিনি গজনী এলাকার সহেন সিমসাং এর ছেলে এবং পেশায় সিএনজি চালক।

নিহত আকাশের সম্বন্ধী দুলাল মণ্ডল জানান, রাত সাড়ে আটটার দিকে সীমান্তবর্তী এলাকায় ২০-৩০টি হাতি দল বেঁধে ধান ক্ষেতে নেমে আসে। এসময় ফসল রক্ষায় এলাকার মানুষ হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন। কিন্তু আকাশ খুব কাছাকাছি গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে লোকজনের ধাওয়া দিলে হাতির দল সরে যায়। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতির পায়ের আঘাতে তার মুখ ও পেট থেঁতলে গেছে বলে জানিয়েছে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার।

অপরদিকে, রাত সাড়ে ১০টার দিকে সিএনজি চালক এফিলিস হাগিদক সিএনজি চালানো শেষে স্থানীয় আরও তিনজনকে নিয়ে বাড়ি ফিরছিলো। এসময় বাড়ির কাছাকাছি এলে ৫নং গজনী এলাকার সড়কে দাঁড়িয়ে থাকা হাতির পালের কবলে পরে তারা। এক পর্যায়ে সাথের তিনজন দৌঁড়ে পালিয়ে গেলেও এফিলিস হাগিদক পালাতে পারেনি। হাতির দল থেকে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বন্যহাতির উপদ্রব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় দুইটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী রেঞ্জার আব্দুল করিম বলেন, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বন বিভাগ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here