আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়: সারজিসের প্রশ্ন

আজ বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টায় সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে সারজিস আলম একটি পোস্ট দেন। যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া বিচারকার্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

0
53

অর্থ ও রাজনৈতিক দলের সুপারিশে আওয়ামী লীগের অনেক অপরাধীর জামিন হয়ে যায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। এগুলো কীভাবে এবং কার সুপারিশে হয়? এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এড়াতে পারেন কিনা, সে প্রশ্ন তুলেছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া এই নেতা।

আজ বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টায় সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে সারজিস আলম একটি পোস্ট দেন। যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া বিচারকার্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সারজিস তার পোস্টে লিখেছেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।

হেফাজতে ইসলামীর বিষয়ে তিনি বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে হেফাজতের ওপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনও আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে। অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে, যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে।

সারজিস আলমের ফেসবুক পোস্ট।

সারজিস প্রশ্ন তুলে বলেন– এগুলো কীভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়?

জুলাই আন্দোলনে বিপুল মানুষের রক্ত ঝরলেও সে সবের বিচারকাজে অসন্তোষ জানিয়ে তিনি বলেন– প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতোগুলো মানুষ খুন হলো, এতোগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! একটা খুনের বিচার হয় না!

বিচারকার্য সম্পন্ন না হওয়ার পেছনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সারজিস। এনসিপির নেতা বলেন, এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here