ব্রাজিলের ফুটবলার ফিলিপ কৌতিনহো সাক্ষাৎকার দেওয়ার সময় এক ভয়ংকর ঘটনা ঘটে গেছে। দেশটির রিওডি জেনিরোতে অনুশীলন মাঠে তিনি যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন তখনই ভেসে আসে মুহুর্মুহু গুলির শব্দ। যদিও তাকে এতে খুব একটা বিচলিত হতে দেখা যায়নি।
বর্তমানে ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামায় খেলছেন কৌতিনহো। সেখানকার বারবোসা ট্রেনিং সেন্টারে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ভয়ংকর এই শব্দের কারণে সেখানে আরও দুটি সাক্ষাৎকার হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। সাক্ষাৎকার দিচ্ছিলেন ভাস্কোর আর ২ ফুটবলার নুনো মোরেইরা ও গোলকিপার লিও জারদিম।
প্রশিক্ষণ কেন্দ্রটি রিও ডি জেনিরোর সিদাদে ডি ডিউস অঞ্চলে অবস্থিত, যেখানে সংঘাতের কারণে গুলির শব্দ প্রায় নিয়মিতই শোনা যায়। ভাস্কোর ক্লাব কর্মীরা জানিয়েছেন, এলাকাটিতে নিয়মিত পুলিশি অভিযানের পরও এমন গুলির শব্দ নিয়মিতই ঘটে। এ কারণেই শান্ত ছিলেন কৌতিনহো। এমনকি নতুন করে সাক্ষাৎকার শুরুর আগে হাসিমুখেও দেখা যায় তাকে।
বর্তমানে ভাস্কোয় লোনে খেলছেন কৌতিনহো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। একসময় লিভারপুল ও বার্সেলোনা দাপিয়ে খেলা কৌতিনহো ৩২ বছর বয়সেই ক্যারিয়ারের সায়াহ্নে। ২০০৮ সালে ইন্টার মিলানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও দুই বছর লোনে ভাস্কোয় খেলেছেন তিনি।
সাক্ষাৎকারের সময় স্বাভাবিকই ছিলেন কৌতিনহো। ছবি: সংগৃহীত
এরপর ইন্টার মিলানে ফিরে ২০১৩ সাল পর্যন্ত এই ক্লাবেই ছিলেন কৌতিনহো। মাঝে ধারে খেলেছেন এস্পানিওলে। ২০১৩ সালে পাকাপাকিভাবে যোগ দেন লিভারপুলে। ৫ বছর এখানেই কাটান তিনি। ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় লিভারপুলেই কাটে তার। অলরেডদের হয়ে ২০১ ম্যাচে ৫৪টি গোল এবং ৪৪টি অ্যাসিস্ট করেছেন তিনি।
২০১৮ সালে লিভারপুল থেকে রেকর্ড ১৪২ মিলিয়ন পাউন্ড (১৯০ মিলিয়ন ডলার) মূল্যে বার্সেলোনায় যান কৌতিনহো। তবে এই সময়ে ইনজুরির সঙ্গে মারাত্মক লড়াই করতে হয়েছে তাকে। ন্যু ক্যাম্পে চার বছর কঠিন সময় পার করে বায়ার্নে যোগ দিয়েছিলেন। এরপর ভিলায় যোগ দিয়েও খুব একটা সুবিধা করতে পারেননি। এরপর থেকেই ধারে খেলছেন তিনি।

