রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ মজনু গ্রুপের ৫ চাঁদাবাজ গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন কালুখালী উপজেলার জামালপুর, সাওরাইল এলাকায় চিহ্নিত মজনু গ্রুপের চাঁদাবাজ ও ডাকাত চক্রের সদস্য মো. মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মো. সুলতান আলী মোল্লা ও জসিম মন্ডল।

0
123
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মজনু গ্রুপের ৫ জন চাঁদাবাজ ও ডাকাত চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন কালুখালী উপজেলার জামালপুর, সাওরাইল এলাকায় চিহ্নিত মজনু গ্রুপের চাঁদাবাজ ও ডাকাত চক্রের সদস্য মো. মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মো. সুলতান আলী মোল্লা ও জসিম মন্ডল।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জামালপুর, সাওরাইল এলাকায় মো. মজিবুর রহমানের বাসায় অভিযান চালিয়ে ১টি ৯ মি. মি. পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড গোলাবারুদ, ৩টি ওয়ান শুটার বন্দুক, ১টি ব্যাটন, ২টি ছুরি, ১টি হকিস্টিক, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৩টি জাতীয় পরিচয়পত্র, ২টি চেকবই, ২টি মদের বোতল, ২টি এটিএম কার্ড, ৩টি পাসপোর্ট, ১টি লেজার পয়েন্টার এবং ১টি ড্রাইভিং লাইসেন্সসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা মজনু গ্রুপের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধভাবে চাঁদাবাজি ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি আইনি কার্যক্রম সম্পন্নের জন্য কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর এ সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ মজনু গ্রুপের ৫ জন চাঁদাবাজ ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here