আজ সোমবার (২৬ মে) থেকে তিন দফা দাবিতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। তারা নিয়মিত স্কুলে উপস্থিত থাকলেও কোনো ক্লাস বা পরীক্ষা গ্রহণে অংশ নিচ্ছেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
এ কর্মসূচির ডাক দিয়েছে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’। এই প্ল্যাটফর্মে দেশের ছয়টি সহকারী শিক্ষক সংগঠন যুক্ত আছে।
তাদের প্রধান তিনটি দাবি হলো— প্রাথমিক শিক্ষা-সংক্রান্ত কনসালটেশন কমিটির সুপারিশ সংশোধন করে সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ হিসেবে বিবেচনা করে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ। ১০ এবং ১৬ বছর পূর্ণ হওয়ার পর উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা। প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি এবং দ্রুত পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা।
এর আগে, ৫ মে থেকে শিক্ষকরা এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন শুরু করেন। এরপর ১৬ থেকে ২০ মে পর্যন্ত চলে দুই ঘণ্টার কর্মবিরতি। ২১ মে থেকে রবিবার (২৫ মে) পর্যন্ত ছিল অর্ধদিবস কর্মবিরতি। আজ থেকে শুরু হলো পূর্ণদিবস কর্মবিরতি, যা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে।

