ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করে ঈদুল ফিতরের মতো প্রশংসা কুড়াতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যে কারণে আসন্ন ঈদযাত্রা নিরাপদ করতে সার্বিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (২৬ মে) আসন্ন ঈদুল আযহা-২০২৫ উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা, বাস, লঞ্চ, রেলস্টেশন কেন্দ্রিক নিরাপত্তা, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ও গমনাগমন, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তা, ঈদ জামাত ও ঈদ পরবর্তী নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র ঈদুল ফিতর খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিগত যেকোনো বছরের তুলনায় ঢাকাবাসী স্বাচ্ছন্দ্যে গ্রামের বাড়িতে যেতে পেরেছেন এবং ফিরে এসেছেন, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। আশা করি এবারও আমরা নগরবাসীকে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারব।
তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। চালকরা যেন অতিরিক্ত গতিতে গাড়ি না চালায় এজন্য তাদেরকে প্রয়োজনীয় ব্রিফিং দিতে হবে। ঈদ আনন্দ যেন কারো নিরানন্দের কারণ না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি সরকারের সকল সংস্থাকে ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সমন্বয় করে দায়িত্ব পালন করার অনুরোধ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ও ঢাকার মোটরযান মেরামত কারখানাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ঈদযাত্রায় ফিটনেস বিহীন গাড়ি না চালানোর জন্য অনুরোধ করেন তিনি।
সমন্বয় সভায় অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী প্রতিরোধে ডিএমপির টহল জোরদার করা হবে। ঈদুল আযহা উপলক্ষে বড় ধরনের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে কাউন্টার ব্যতীত যাত্রী উঠানামা না করানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।

