পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমি দায়িত্ব নেয়ার পর দুই সপ্তাহে দেশে ১২টি বন্যহাতির মৃত্যুর ঘটনা ঘটেছে, যা স্বাভাবিক ঘটনা না।
সোমবার (২৬ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিশ্বের অনেক জায়গাতে হাতি এবং মানুষ সহাবস্থান করছে, কখনো কোন দ্বন্দ্ব হচ্ছে না। কিন্তু আমাদের জায়গা ও খাবার কম থাকার কারণে হাতি লোকালয়ে চলে আসে। হাতি লোকালয়ে এলেও তার জীবনটা আনন্দের হয়না বরং কষ্টের হয়। আমাদের কি করলে হাতি লোকালয়ে আসবে না সে ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে।

অবৈধভাবে বালু উত্তোলনকারিদের হুঁশিয়ারী দিয়ে রিজওয়ানা বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী অভিযান চলছে।
এদিকে, সাংবাদিকদের প্রশ্ন-উত্তর শেষ হলে কিছু লোকজন সাংবাদিকদের ওপর হামলা চালায়। এসময় এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, সময় টিভির চিত্রগ্রাহক বাবু চক্রবর্তী, বাংলাদেশ খবরের শাহরিয়ার শাকিরসহ ছয়জন আহত হয়।

উল্লেখ্য, নালিতাবাড়ীর বনের ভেতরের ২২৩একর জায়গা রয়েছে খাস জমি রয়েছে। যার ৩২ একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবেও রয়েছে। সম্প্রতি বনের ভেতরে দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। কাজ শুরুর পর বন্যহাতি সংরক্ষণ, সামাজিক বনায়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ।
অন্যদিকে, বিকেলে মধুটিলা ইকোপার্কে হাতি মানুষ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ ও মতবিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল কবীর, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান প্রমুখ।
সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, সাংবাদিকরা যথাযথ প্রশ্ন রখেছেন পরিবেশ উপদেষ্টার কাছে। কিন্তু এ প্রশ্নের ফলে একটি চক্র সাংবাদিকদের উপর চড়াও হয়, যার ফলে হামলা করে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে প্রেসক্লাব থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, উপদেষ্টা চলে যাওয়ার আগে পুলিশকে হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও আটক করার জন্য নির্দেশ দিয়েছেন।

