তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেটে ২০১ রান সংগ্রহ করে। জবাবে টাইগাররা ১৯ ওভার দুই বলে ১৬৪ রান করে অলআউট হয়।
এ ম্যাচ হেরে নিজেদের ক্রিকেটের তিন বিভাগেই দুষেছেন টাইগার অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘অবশ্যই (ভালো শুরুর পর হেরে যাওয়া হতাশাজনক)… ম্যাচজুড়ে আমরা ভালো ব্যাটিং, ভালো বোলিং ও ভালো ফিল্ডিং করিনি। আমি কোনো কিছু বলছি না… তবে আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। এখনও দুটি ম্যাচ আছে।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই (ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতা প্রয়োজন)। শুধু ব্যাটিং-বোলিং নয়, আমাদের ফিল্ডিংও ভালো করতে হবে। গতিময় খেলায় আপনাকে ভালো ফিল্ডিং করতে হবে। আমরা এই মুহূর্তে ভালো ফিল্ডিং করছি না।’
তবে লিটনের দাবি, বাজে বোলিং-ফিল্ডিংয়ে দুইশর বেশি রান দেওয়ার পরও ম্যাচ জেতার বিশ্বাস ছিল তাদের।
‘আমি নিশ্চিত, এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব। কারণ এই মাঠ খুবই গতিময়। উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব ভালো। মাঝের ওভারগুলোতেও আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে।’-যোগ করেন লিটন।

