ইউরোপ বিদায়, শৈশবের ক্লাবে শেষ অধ্যায় শুরু ডি মারিয়ার

0
73
ছবি: সংগৃহীত

১৮ বছরের ইউরোপ সফর শেষে নিজের শৈশবের ক্লাবে ফিরলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের ক্লাব রোসারিও সেন্ট্রাল আনুষ্ঠানিকভাবে তাকে স্কোয়াডে ভেড়ানোর ঘোষণা দিয়েছে।

মাত্র ৪ বছর বয়সে ডি মারিয়া পা রাখেন রোজারিও শহরের রোসারিও সেন্ট্রালের ইয়ুথ টিমে। সেখানে ২০০৫ সাল পর্যন্ত খেলেছেন। এরপর সিনিয়র দলে সুযোগ পান ২০০৫ সালেই।

২০০৭ সালে ইউরোপ যাত্রা শুরুর আগে ক্লাবটির জার্সি গায়ে খেলেছেন দুই বছর।

ইউরোপে ডি মারিয়ার প্রথম ক্লাব ছিল পর্তুগিজ জায়ান্ট বেনফিকা। সেখান থেকে খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাসের মতো শীর্ষ ক্লাবে।

২০২৩ সালে তিনি আবার বেনফিকায় ফিরে যান এবং সেখান থেকেই ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারের ইতি টানছেন।

রোসারিও সেন্ট্রাল ক্লাবটি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে লিখেছে,

“আমাদের ইতিহাসে আরও অনেক কিছু লেখা বাকি আছে। বাড়িতে স্বাগতম।”

গত বছরই ডি মারিয়া ক্লাবটিতে যোগ দিতে চেয়েছিলেন, তবে রোজারিও এলাকায় মাদক চোরাচালান ও সহিংসতা বেড়ে যাওয়ায় পরিবারকে ঝুঁকিতে ফেলতে চাননি।

এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন ৩৭ বছর বয়সী এই তারকা।

ডি মারিয়া ইউরোপে জিতেছেন ৩০টি ট্রফি। জাতীয় দলের হয়ে জিতেছেন ৬টি শিরোপা, যার মধ্যে রয়েছে—

দুইটি কোপা আমেরিকা

  • ২০২২ সালের কাতার বিশ্বকাপ
  • ২০০৮ সালের বেইজিং অলিম্পিক স্বর্ণপদক

আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ শেষে ডি মারিয়া যোগ দেবেন রোসারিও সেন্ট্রালে।

এই আসরে বেনফিকা রয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ— বায়ার্ন মিউনিখ, বোকা জুনিয়র্স ও অকল্যান্ড সিটি।

গত বছর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ডি মারিয়া। এবার নিজ ঘরের ক্লাবেই ক্যারিয়ারের শেষ অধ্যায় রচনা করতে প্রস্তুত এই উইঙ্গার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here