বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটল বিএসএফ

গতকাল শুক্রবার রাতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

0
79

কুড়িগ্রামের কচাকাটা সীমান্ত এলাকার সব লাইট বন্ধ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ভিডিপি এবং স্থানীয়দের তৎপরতায় রাতভর উত্তেজনা ছড়ালেও বিএসএফের এই পরিকল্পনা ব্যর্থ হয়। এছাড়াও পুশইন প্রতিহত করতে মানবপ্রাচীর গড়ে তুলেছে স্থানীয় জনগণ।

গতকাল শুক্রবার রাতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা দুইটি পিকআপ ভ্যানে ৫০-৬০ জন নাগরিককে ভারতের সীমান্তবর্তী ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে জড়ো করে পুশইনের পরিকল্পনা করে। এ সময় বিএসএফ সীমান্ত এলাকার সব লাইট বন্ধ করে দেয়।

তবে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শতাধিক স্থানীয় মানুষ সীমান্ত এলাকায় জড়ো হয়ে মানবপ্রাচীর তৈরি করে এবং সারা রাত পাহারা দেয় তারা।

একইসঙ্গে কুড়িগ্রাম-২২ বিজিবির কচাকাটা ও কেদার ক্যাম্পের সদস্যরা এবং আনসার ভিডিপির কয়েকটি দল সীমান্ত এলাকায় কড়া অবস্থান নেয়। বিএসএফও শূন্যরেখায় অবস্থান নেয়। ফলে গতকাল শুক্রবার দিনগত রাত ২টার দিকে বিজিবির সঙ্গে আলোচনার চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি তা প্রত্যাখ্যান করে। একপর্যায়ে রাত ৩টার দিকে বিএসএফ পিছু হটে।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, ‘সীমান্ত দিয়ে বিএসএফ যেন অবৈধভাবে কাউকে পুশইন করতে না পারে, সেজন্য বিজিবি, আনসার ভিডিপি এবং স্থানীয়রা একসঙ্গে অবস্থান নিয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।’

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here