শেরপুরে রাস্তার পাশে ডোবার পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হচ্ছে- ওই গ্রামের রিকশাচালক মো. আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১১)।
লছমনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. মোখলেছ আলী জানান, শনিবার দুপুরে বৃষ্টি শুরু হলে যমজ দুই বোন শিলা ও নীলাসহ চার শিশু বাড়ি পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে যায়। এসময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর দুই শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে শিলা ও নীলাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, ওই দুই কন্যা শিশুর বাবা আব্দুস সালাম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। পানিতে ডুবে তার দুই কন্যা মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবর এখনও পাইনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।

