এক লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

0
62
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকা থেকে এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলো- মো. সাগর, মো. আল আমিন হাওলাদার ও বাবু মাতব্বর।

গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় ব্যক্তি জাল নোট নিজ হেফাজতে রেখে বিক্রয় করার উদ্দেশে গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় টিমটি সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাগর, আল আমিন ও বাবুকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের জাল নোট রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় করে আসছিল। তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট বিক্রয় করার পরিকল্পনা করছিল।

গ্রেফতারকৃত সাগরের বিরুদ্ধে শাহআলী থানায় একটি ও আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি, পটুয়াখালীর দশমিনা থানায় দুইটি, শ্যামপুর থানায় একটি এবং বাবু মাদবরের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পূর্ব থানায় একটি জাল নোট তৈরির অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here