বাজেট জনবান্ধব ও ব্যবসাবান্ধব হয়েছে: অর্থ উপদেষ্টা

0
90
ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও ব্যবসাবান্ধব হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, সামনের পথ কঠিন। এনবিআরকে রিঅর্গানাইজের চেষ্টা করা হচ্ছে। বিদেশ থেকে ঋণ আনার প্রক্রিয়াটাও মোটামুটি নেগোশিয়েট করা হয়েছে।

তিনি বলেন, ‘এতোদিন আমরা প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি করি। তবে সেই প্রবৃদ্ধি সব পর্যায়ের মানুষের কাছে পৌঁছায়নি। এ থেকে বেরিয়ে এসে জীবনযাত্রা যেন ভালো পর্যায়ে নেওয়া যায়। এবারের বাজেটকে কথা ফুলঝুরি বাদ দিয়ে বাস্তবভিত্তিক করার চেষ্টা করা হয়েছে। মূল্যস্ফীতি, ব্যাংক, পুঁজিবাজার, জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হয়েছে।’

অর্থ উপদেষ্টা বলেন, কঠিন একটা সময়ে দায়িত্ব নিয়েছে এই সরকার। আর্থিক খাত একেবারে খাদের কিনারায় পৌঁছেছিলাম। সবার চেষ্টায় আর্থিক খাতকে একটা পর্যায়ে আনা সম্ভব হয়েছে। মূল্যস্ফীতি কমানো সম্ভব হয়েছে। সবচেয়ে বড় বিষয় বাজেটের আকার প্রথমবারের মতো কমানো হয়েছে।

তিনি আরও বলেন, আমি মনে করি আমরা একটি জনবান্ধব ও ব্যবসাবান্ধব বাজেট দিতে পেরেছি। অনেকে বলছে তোমরা আগের পদাঙ্ক অনুসরণ করেছ। হুট করেই যে আমরা একটা বিপ্লবী বাজেট দিয়ে দেব, সেটা তো সম্ভব না। বাজেটে একেবারে যে ইনোভেশন নেই, তা কিন্তু নয়। গতকাল বাজেট দিয়েছি, এটা ওপেন থাকবে। কিছু সাজেশন আসবে। পরবর্তীতে ফাইনাল বাজেটটা আসবে।

তিনি বলেন, ‘আমি মনে করি সার্বিকভাবে চ্যালেঞ্জের মুখে আছি। একটু কোলাবোরেটিভ, সিমপেথেটিক হয়ে কাজ করবেন; সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা চাই একটি দৃষ্টান্ত স্থাপন করতে যে, এত প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে। বাজেটের নির্যাস হলো সবার জীবন যাপনকে স্বচ্ছ করা, সামাজিক নিরাপত্তা বাড়ানো ও জীবনমান উন্নত করা।’

বাজেটোত্তর সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন শিক্ষা ও প‌রিকল্পনা উপ‌দেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, রেলপথ উপ‌দেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, কেন্দ্রীয় ব‌্যাং‌কের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও এন‌বিআর চেয়ারম‌্যান মো. আবদুর রহমান খানসহ আর্থিক খা‌তের বি‌ভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here