শেরপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন আরোহী নিহত, আহত দুই

0
68
ফাইল ছবি

শেরপুর সদরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৪ মে) রাত ৯টার দিকে শেরপুর-শ্রীবরদী সড়কের সদরের মোবারকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার যোগনিমোড়া নামাপাড়া এলাকার ইলিয়াস হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮), একই এলাকার বেলাল হোসেনের ছেলে আল আমিন (১৯) ও তৃতীয় লিঙ্গের সদস্য ডিজে (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা করে শেরপুর থেকে শ্রীবরদীর দিকে যাচ্ছিলেন তারা। এসময় সদরের মোবারকপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আল-আমিন ও তৃতীয় লিঙ্গের সদস্য ডিজে মারা যান। পরে আশপাশের লোকজন বাকীদের আহতবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইমরান হোসেনের মৃত্যু হয়। বাকী দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক কৌশলে পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক নাদিম আনজুম সিয়াম বলেন, ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নিয়ে আসার পর একজনের মৃত্যু হয়েছে। আহত অন্য দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, আমরা ঘটনাস্থলে এসে একজন পুরুষ ও একজন তৃতীয় লিঙ্গের মরদেহ উদ্ধার করেছি। বাকী তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here