শৈলকুপায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

0
67
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ভাটই-ফুলহরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা শৈলকুপার হুদা মাইলমারী গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে। নিহত অন্যরা হলেন গোলাম মোস্তফার স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও ছেলে মাহিম (৫)।

প্রত্যক্ষদর্শী ভাটই বাজারের তোজাম্মেল হক তোজাম জানান, ঈদের কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী সেলিনা খাতুন ও ছেলে মাহিমকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। এ সময় তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই-ফুলহরি সংযোগ সড়কে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান শিশু মাহিম। গুরুতর আহত অস্থায় স্ত্রী সেলিনা ও স্বামী গোলাম মোস্তফাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাইলমারী গ্রামের লিঠন ও হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের খুশির পরিবর্তে ওই পরিবারে গভীর শোক নেমে এসেছে।

ঝিনাইদহ হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, শৈলকুপার ভাটই বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী, সন্তান ও স্বামী নিহত হয়েছেন। তাদের মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here