গরুর সরবরাহ এ বছর তুলনামূলকভাবে বেড়েছে, এ কারণে কোরবানির পশুর বাজারে এবার গরুর দাম তুলনামূলক কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলীর কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি হাটে আগত কোরবানির পশুর ক্রেতা-বিক্রেতা ও সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাই দুর্নীতিবাজরাও নেই। এ কারণে এবার বাড়তি টাকাও নেই কিছু মানুষের কাছে।”
বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে আছে। সবাই সহযোগিতা করলে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরো স্বস্তিদায়ক হবে।”
টিকিটের দাম বেশি এবং গাড়ির সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “টিকিটের দাম বেশি নেওয়ার বিষয়ে এখনো কেউ আমার কাছে অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে। পরিবহনের সংখ্যা বাড়ানোর দিকে কাজ করা হবে।”
গাবতলী হাটে বৃষ্টির কারণে পানি জমে কাদা তৈরি হয়েছে। এতে ক্রেতা, বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি নজরে আনলে ইজারাদারদের দিকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, “কাঁদা সরাতে বালু ফেলার বিষয়টি তারা দেখবে।”
পরিদর্শনের সময় গাবতলী বাস টার্মিনাল থেকে পায়ে হেঁটে হাটে প্রবেশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পথে তিনি সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক, পশু কিনে ফেরত যাওয়া মানুষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন।

