গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক তরুণীকে উত্যক্ত করা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নিলফা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তরিকুল ইসলামকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, নিলফা গ্রামের মিরাজ মোল্লার ছেলে মোক্তার মোল্লা এবং একই গ্রামের হেদায়েত মেম্বারের ছেলে জামাল সিকদারের মধ্যে কথাকাটাকাটির সূত্রপাত হয় একটি মেয়েকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে। এর জেরে উভয়পক্ষ ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পূর্ব থেকেই তাদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। যার ফলে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

