স্ত্রীর জানাজায় কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

জানাজার আগমুহূর্তে দাঁড়িয়ে কথা বলেন কাদের সিদ্দিকী। এ সময় তিনি স্ত্রীর কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন।

0
55

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ রবিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগমুহূর্তে দাঁড়িয়ে কথা বলেন কাদের সিদ্দিকী। এ সময় তিনি স্ত্রীর কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন।

এর আগে আজ সকালে নাসরিন সিদ্দিকীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর ছোট ভাই মুরাদ সিদ্দিকীর বাসায় পৌঁছায়। এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক সহকর্মী, সমর্থক, অনুসারী ও পরিবারের সদস্যরা নাসরিন সিদ্দিকীর মরদেহ এক নজর দেখার জন্য বাসায় ভিড় করেন।

জানাজায় উপস্থিত ছিলেন- বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খোকা বীর প্রতীক, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা জামায়াত ইসলামীর আমির আহসান হাবীব মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

পরিবার সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে বাদ আসর দ্বিতীয় জানাজার নামাজ শেষে নাসরিন সিদ্দিকীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গতকাল শনিবার রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিষয়টি নিশ্চিত করে কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ জানান, গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। পরে স্কয়ার হাসপাতালে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে গত ২৪ মে মস্তিষ্কে অস্ত্রপচার হয়। ২২ মে থেকে তিনি অচেতন ছিলেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গতকাল রাত ১১টায় নাসরিন সিদ্দিকী মৃত্যুবরণ করেন। এ সময় তার পাশে স্বামী কাদের সিদ্দিকীসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।

নাসরিন সিদ্দিকী টাঙ্গাইলের কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরেশীর মেয়ে। তিনি কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here