পাহাড় আর চা-বাগানে ঘেরা দেশের একেবারে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আত্মপ্রকাশ করলো হলো নতুন একটি ক্রীড়া সংগঠন তেঁতুলিয়া টাইটান্স ক্লাব।
স্থানীয় ক্রীড়াপ্রেমী, অনুরাগী ও প্রতিভাবান খেলোয়াড়দের জন্য স্বপ্নের এক নতুন ঠিকানা হয়ে উঠতে যাওয়া এই ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল রবিবার বিকেলে, তেঁতুলিয়ার ঐতিহাসিক ডাকবাংলো বেরং কমপ্লেক্সে
অনুষ্ঠানে কেক কেটে ক্লাবটির শুভ উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের উদীয়মান পেসার ও পঞ্চগড়ের গর্বিত সন্তান শরিফুল ইসলাম। উদ্বোধনের মুহূর্তটিকে ঘিরে ছিল উচ্ছ্বাস ও ক্রীড়াপ্রেমীদের ভিড়।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের উদীয়মান ফুটবলার মোরশেদ আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, সাধারণ সম্পাদক আবু সাঈদ সুমন, ক্রীড়া সংগঠক রুবেল হাসান, জাহাঙ্গীর আলম, আবু সালেহ খন্দকার মো. ইমরান,হাবিবুর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তেঁতুলিয়া টাইটান্স ক্লাব শুধু খেলাধুলার আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। বরং ক্লাবটির মূল লক্ষ্য হলো,দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে উপজেলায় লুকিয়ে থাকা প্রতিভাগুলিকে খুঁজে বের করা, প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা, এবং জেলা ও জাতীয় পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।
ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ও ভলিবলসহ বিভিন্ন খেলায় নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণ ও খেলোয়াড় গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবে ক্লাবটি।
অনুষ্ঠান শেষে জাতীয় দলের ক্রিকেটার শরিফুল ইসলাম এবং অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের ফুটবলার মোরশেদ আলীকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শরিফুল ইসলাম বলেন,“আমার শেকড় এই অঞ্চলে। এখানকার তরুণরা অনেক মেধাবী। তাদের পৃষ্ঠপোষকতা করলে একদিন এখান থেকেও জাতীয় দলগামী খেলোয়াড় তৈরি হবে। তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের উদ্যোগ আমাকে সত্যিই আনন্দিত করেছে। তাদের জন্য শুভ কামনা রইলো।”
মোরশেদ আলী বলেন,“আমি নিজেও উপজেলা পর্যায় থেকেই উঠে এসেছি। এমন ক্লাব যদি আমাদের সময় থাকতো, আরও ভালো করতাম। এই ক্লাবের সঙ্গে থাকবো, যতটুকু পারি সহায়তা করবো।”
ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব সরকার বলেন,“আমাদের তেঁতুলিয়ার ক্রীড়ামুখী তরুণদের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। এই ক্লাব হবে তাদের স্বপ্ন পূরণের সোপান।”
তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের আত্মপ্রকাশ নিঃসন্দেহে তেঁতুলিয়ার ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার করবে। এই উদ্যোগ থেকে জন্ম নিতে পারে ভবিষ্যতের জাতীয় তারকা, এমনটাই আশা করছেন স্থানীয়রা।
সময় গড়াবে, খেলোয়াড়েরা গড়ে উঠবে, আর সেই সাথে তেঁতুলিয়াও ক্রীড়ার মানচিত্রে আরও দৃঢ়ভাবে জায়গা করে নেবে এই প্রত্যাশা তেঁতুলিয়াবাসীর।

