বেঁধে দেওয়া দামেই চামড়া বিক্রি হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

আজ সোমবার দুপুরে যশোরের রাজার হাট চামড়ার বাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

0
72

এবারের কোরবানি ঈদে সরকারের নির্ধারিত দামেই পশুর চামড়া বিক্রি হচ্ছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু মিডিয়ায় এ বিষয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আজ সোমবার দুপুরে যশোরের রাজার হাট চামড়ার বাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিনামূল্যে সাড়ে সাত লাখ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৮৬ হাজার কসাইকে সরকার ট্রেনিং দিয়েছে।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘চামড়া শিল্পে ২১৫ কোটি প্রণোদনার টাকা সরকার ঈদের আগেই ছেড়ে দিয়েছে। চাহিদার জন্য ওয়েট ফুল চামড়া এবং সাদা চামড়া রপ্তানির জন্য ছাড় দিয়েছে। এখন জনগণ নিয়ম মেনে একত্রিত হয়ে মজুদ বা সংরক্ষণ করলে সরকার নির্ধারিত মূল্যের আরও বেশি পাবে।’

তিনি আরও বলেন, ‘মাঠ পর্যায়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন চামড়া ব্যবস্থাপনায় কাজ করছে। জাতীয় পর্যায়ে আমরা একটি কন্ট্রোল রুম করেছি। সেখানে ২৪ ঘণ্টা চামড়া ব্যবস্থাপনা মনিটরিং হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি চামড়ার উপযুক্ত মূল্য পাওয়া যাচ্ছে, যেটা লবণ দেওয়া চামড়া। সরকার নির্ধারিত মূল্যেই সেটা বিক্রি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ও মেইনস্ট্রিম কিছু মিডিয়া ভুল তথ্য প্রচার করছে।’

এ সময় উপস্থিত ছিলেন- যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, সদরউপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, যশোর বিসিকের মহাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন, বিসিক শিল্প নগরী কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here