গরমে হাঁসফাঁস পথচারীদের পাশে বিএনপি নেতা রনিক,শরবত-খাবারে মিলল স্বস্তি

খোলামেলা রোদে ঘাম ঝরানো ভ্যানচালক, ইজিবাইক চালক কিংবা পথচারীরা এই আয়োজন পেয়ে কিছুক্ষণের জন্য হলেও খুঁজে পান শান্তির পরশ। রনিক নিজেই শরবত হাতে এগিয়ে গিয়ে মানুষের হাতে তুলে দেন পানীয়, জানিয়ে দেন—রাজনীতি মানেই কেবল বক্তৃতা নয়, মানুষের পাশে থাকা, প্রয়োজনে পাশে দাঁড়ানো।

0
140

প্রচণ্ড খরতাপে যখন শহরবাসীর জীবন বিপর্যস্ত, তখন একটু ঠান্ডা পানি কিংবা শরবত যেন হয়ে উঠছে পরম আশীর্বাদ। ঠিক এমন এক মুহূর্তে পঞ্চগড় শহরের ব্যস্ততম চৌরঙ্গী মোড়ে দাঁড়িয়ে পড়লেন এক রাজনীতিক জনগণের কষ্টের ভাগীদার হয়ে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক সংলগ্ন মোড়ে অসহায় ও শ্রমজীবী পথচারীদের মাঝে ঠান্ডা পানি, শরবত ও হালকা খাবার বিতরণ করেন জেলা বিএনপির সদস্য এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক। তার নেতৃত্বে “একটু উদ্যোগ, একটু চেষ্টা” টিমের সহযোগিতায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

খোলামেলা রোদে ঘাম ঝরানো ভ্যানচালক, ইজিবাইক চালক কিংবা পথচারীরা এই আয়োজন পেয়ে কিছুক্ষণের জন্য হলেও খুঁজে পান শান্তির পরশ। রনিক নিজেই শরবত হাতে এগিয়ে গিয়ে মানুষের হাতে তুলে দেন পানীয়, জানিয়ে দেন—রাজনীতি মানেই কেবল বক্তৃতা নয়, মানুষের পাশে থাকা, প্রয়োজনে পাশে দাঁড়ানো।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য মাহাবুবুল আলম মন্টু, ছাত্রদলের সাবেক সদস্য সুমন আল মামুন, রনি ও স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলাবিএনপির সদস্য এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক বলেন,ঈদের আগ থেকে প্রচণ্ড খরতাপ চলছে। যারা দিনে-রাতে রোদে কষ্ট করে জীবিকা নির্বাহ করেন, তাদের কথা ভেবেই এই ছোট্ট প্রয়াস। আমরা চাই, মানুষ অন্তত এক গ্লাস ঠান্ডা পানি পেয়ে একটু স্বস্তি পাক।”

শুধু রাজনীতি নয়, এই উদ্যোগ যেন ছুঁয়ে গেছে অনেকের হৃদয়। শরবত খেয়ে পথচারী নুর ইসলাম বলেন,“এই গরমে একটু ঠান্ডা শরবত মানে যেন প্রাণ ফিরে পাওয়া।”

ইজিবাইক চালক রবিউল ইসলাম জানান,“গরমে সারা দিন রাস্তায় থেকে কষ্ট হয়। কেউ কিছু দিলে সেটা বড় পাওয়া মনে হয়।

ভ্যানচালক হকিকুল ইসলাম বলেন,“গরমে গা শুকিয়ে যায়, এমন এক গ্লাস শরবত প্রাণ জুড়িয়ে দেয়।”

পথচারীদের চোখেমুখে তৃপ্তির ছাপ ছিল স্পষ্ট। রাজনীতির বাইরে মানবিক মূল্যবোধকে সামনে রেখে করা এ উদ্যোগ যেন সমাজের প্রতিটি স্তরে বার্তা পৌঁছে দিল—সামান্য চেষ্টাতেই বদলে দেওয়া যায় কারো দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here