ইসরায়েলের হামলায় ইরানের ২ পরমাণুবিজ্ঞানী নিহত

0
60
ছবি: সংগৃহীত

তেহরানসহ ইরানের কয়েকটি জায়গায় ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের নাম প্রকাশ করা হয়েছে।তারা হলেন, ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহদি তেহরানচি।

এ ছাড়া হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামিও নিহত হয়েছেন।তাসনিম নিউজের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফেরেদুন আব্বাসি ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) সাবেক প্রধান। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর দেখাশোনা করে থাকে এইওআই। ২০১০ সালে তেহরানের একটি সড়কে তাকে হত্যার চেষ্টা করা হয়। তখন প্রাণে বেঁচে যান তিনি।

আর নিহত অপর বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। এ সময় তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) সদর দপ্তরে হামলা হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। হামলার সময় আইআরজিসি-এর সদর দপ্তরে ছিলেন হোসেইন সালামি।

হোসেইন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি হামলায় তেহরানে বিপ্লবী গার্ডের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমও ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হওয়ার খবর দিচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানে আবাসিক ভবনে ইসরাইলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী টাইমস অব ইসরায়েল পত্রিকাকে জানিয়েছে, তারা ‘নেশন অব লায়ন্স’ নামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।তাদের ভাষ্যমতে, ইরান থেকে আসা তাৎক্ষণিক হুমকির জবাবে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল।হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here