পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে সিলেটে মহাপরিকল্পনা

0
75
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সিলেটের জাফলংসহ বিভিন্ন এলাকায় পরিবেশবান্ধব পর্যটন বা ইকো-ট্যুরিজম উন্নয়নে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে।

শনিবার (১৪ জুন) জাফলং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, এই মহাপরিকল্পনায় পাথর উত্তোলনের সঙ্গে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।

তিনি আরও জানান, পরিবেশ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যৌথভাবে এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। জাফলংয়ের মতো পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় আর পাথর উত্তোলনের ইজারা দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, এর পরিবর্তে এসব এলাকা পরিবেশবান্ধব পর্যটনের আওতায় এনে টেকসই ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ করা হবে।

পাথর ও বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটছে বলেও মন্তব্য করেন তিনি। তাই প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ফেরদৌস আনোয়ারসহ আরও অনেকে।

এর আগে উপদেষ্টাদ্বয় জলযানে করে জাফলংয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি জাফলং স্টোন মিউজিয়াম ও হরিপুর রেস্ট হাউজে গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষার প্রতীকী বার্তাও দেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here