নিসাঙ্কার ১৮৭-তে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা, এগিয়ে থেকেও বিপাকে বাংলাদেশ

0
64

গল টেস্টের তৃতীয় দিনটি ছিল শ্রীলঙ্কার ব্যাটারদের দাপটের দিন। পাথুম নিসাঙ্কার দুর্দান্ত ১৮৭ রানের ইনিংসে ভর করে শক্ত প্রতিরোধ গড়ল স্বাগতিকরা। তবুও দিনের শেষে এখনো ১২৭ রানে এগিয়ে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার দিনের শুরুতেই বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১ রান যোগ করে। আগের দিন ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শেষ করা দলটি এদিন টিকেছিল মাত্র ১৬ বল। ইনিংস থামে ৪৯৫ রানে। শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর দারুণ এক ডেলিভারিতে শেষ উইকেট হারায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। লিটন দাসও দুর্দান্ত ৯০ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন।

এরপর ব্যাট হাতে জবাব দিতে নামে শ্রীলঙ্কা। শুরুটা সতর্ক হলেও এরপর গড়তে থাকে একের পর এক পার্টনারশিপ। ৪৭ রানে প্রথম উইকেট হারানোর পর নিশাঙ্কা ও চান্ডিমালের জুটিতে আসে ১৫৭ রান। চান্ডিমাল আউট হন ৫৪ রানে। এরপর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ম্যাথিউসকে সঙ্গে নিয়ে ৮৯ রানের জুটি গড়েন নিশাঙ্কা।

ম্যাথিউসকে ফেরান মুমিনুল হক, যিনি ছিলেন অনিয়মিত বোলার। এরপরে আসে দিনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত-নিসাঙ্কার উইকেট। দ্বিতীয় নতুন বল নিয়ে আক্রমণে আসেন হাসান মাহমুদ এবং তার বলেই বোল্ড হয়ে ফিরে যান ক্যারিয়ারের সেরা ইনিংস খেলা নিসাঙ্কা। ২৫৬ বলের ইনিংসে তিনি হাঁকান ২৩টি চার ও একটি ছক্কা।

দিন শেষে শ্রীলঙ্কা ৯৩ ওভারে ৪ উইকেটে তোলে ৩৬৮ রান। উইকেটে রয়েছেন কামিন্দু মেন্ডিস (৩৭*) ও ধানাঞ্জয়া ডি সিলভা (১৭*)। এ জুটি ইতিমধ্যেই গড়েছে ৩৭ রানের পার্টনারশিপ।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুমিনুল হক ও হাসান মাহমুদ। তবে দলের বোলিং ছিল বেশ অনিয়মিত ও ধারাবাহিকতাহীন। ৯৩ ওভার বল করেও মাত্র ৪ উইকেট নিতে পেরেছে তারা।

আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল ১০টা ১৫ মিনিটে। দেখার বিষয়-শ্রীলঙ্কা কী পারবে প্রথম ইনিংসে লিড নিতে, নাকি বাংলাদেশের বোলাররা ফিরবে নিয়ন্ত্রণে?

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫/১০

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৩ ওভারে ৩৬৮/৪ (নিসাঙ্কা ১৮৭, উদারা ২৯, চান্দিমাল ৫৪, ম‍্যাথিউস ৩৯, কামিন্দু মেন্ডিস ৩৭, ধানাঞ্জায়া ১৭; হাসান ১২-২-৪৯-১, নাহিদ ১৬-০-৮০-০, তাইজুল ৩৪-৩-১২৬-১, নাঈম ২৫-০-৮৬-১, মুমিনুল ৬-০-২৪-১)

#গল টেস্টের তৃতীয় দিন শেষে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here