যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

0
72

কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ যুবদল নেতা মুবিনুর রহমান রুবেলকে (২৮) গ্রেপ্তার করেছে।

 গত বুধবার রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মুবিনুর রহমান রুবেল গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের নুরুল আলমের ছেলে।

রামু থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মুবিনুর রহমান রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর তার বাড়ি তল্লাশি করে দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ ১টি এলজি, ৩৪টি কাতুর্জ, ৪টি রাইফেলের গুলি এবং ৪টি ধারাল দাসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে রামু থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রুবেল রামু ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু চোরাচালান চক্রের ডন খ্যাত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের চাচাতো ভাই। শাহীনকে গত ৫ জুন বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া মুবিনুর রহমান রুবেলের নেতৃত্বে গত বছরের ৫ আগস্ট রাতে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে দৈনিক সমকাল পত্রিকার কক্সবাজার প্রতিনিধি ইব্রাহীম খলিল মামুনের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় মামুন বাদী হয়ে রুবেলকে প্রধান আসামি করে রামু থানায় মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here