সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

0
62

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে সিতারা বেগম নামের ওই নারীকে গলা কেটে হত্যা করেছে।

আজ শুক্রবার সকালে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীদের চিনে ফেলায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের ওসমান আলী হাজী বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত সিতারা বেগম একই এলাকার মৃত মোফাজ্জল হকের স্ত্রী এবং ৫ সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিতারা বেগম সাধারণত তার এক ছেলের সঙ্গে সোনাইমুড়ী পৌরসভা এলাকায় বসবাস করতেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ ঘরে একাই ঘুমিয়েছিলেন। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাড়ির লোকজন তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে যান এবং ভেতরে সিতারার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। টিনশেড ঘরের সিঁধ কাটা দেখে বোঝা যায়, এ পথেই দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছিল।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো এক সময়ে সিঁধ কেটে ওই নারীর ঘরে ঢুকে দুর্বৃত্তরা। এরপর তাকে গলা কেটে হত্যা করা হয়। ক্রাইমসিন ও সিআইডির কাজ শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি জানান, এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here